স্ট্রোক প্রতিরোধে লাইমস্টইলের পরিবর্তন নিয়ে আসতে হবে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৪১ পিএম
'২০৫০ সালের মধ্যে ৮০ শতাংশ স্ট্রোক আমাদের মতো দেশে হবে'
ন্যাশনাল স্ট্রোক ট্রাস্ট অব বাংলাদেশ (এনএসটিবি) এর উদ্যোগে ও হাই কেয়ার নিউরো স্পেশালাইজড হাসপাতালের সহযোগিতায় বিশ্ব স্ট্রোক দিবস ২০২৩ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলের দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের হোয়াইট হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খান। এছাড়া প্রধান আলোচনা হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সচেতনতা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মোর্শেল আলম। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন হাই কেয়ার জেনারেল এন্ড স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এন এ খান এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন এনএসটিবি এর ট্রাস্টি আকাশ আহমেদ।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, '২০৫০ সালের মধ্যে ৮০ শতাংশ স্ট্রোক আমাদের মতো দেশে হবে। এর প্রধান কারণ অতিরিক্ত মোবাইল আসক্তি, ফাস্টফুড, ধূমপান ও অনিয়ন্ত্রিত লাইফস্টাইল। স্ট্রোক প্রতিরোধে সবার আগে আমাদের লাইমস্টইলে পরিবর্তন নিয়ে আসতে হবে, ডায়েট মেনে চলতে হবে ও নিয়মিত শরীরচর্চা করতে হবে।'
বিশ্বে প্রতি ৬ জনে একজন স্ট্রোকে আক্রান্ত হয় উল্লেখ করে তিনি আরও বলেন, 'দুশ্চিন্তামুক্ত জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। কেননা দুশ্চিন্তা আমাদের জীবনীশক্তি মেরে ফেলে ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। স্ট্রোক প্রতিরোধ প্রয়োজন সমন্বিত সচেতনতা। সামাজিক আন্দোলন মাধ্যমে এই সচেতনতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা সভা শেষে স্ট্রোক বিষয়ে সচেতনতামূলক গান পরিবেশন করেন বেতার ও টেলিভিশন জারি সম্রাট গীতিকার আবুল হাসেম বয়াতি।
উল্লেখ্য, ন্যাশনাল স্ট্রোক ট্রাস্ট অব বাংলাদেশ প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার স্ট্রোক প্রতিরোধে ফ্রি ক্যাম্প পরিচালনা করে আসছে। এদিন আগত রোগীদের ফ্রি চেকআপ ও কনসালটেন্সি করা হয়। এবং সকল টেস্ট ও চিকিৎসার উপর ৩৫-৪০% ছাড় প্রদান করা হয়। এছাড়াও হাই কেয়ার নিউরো স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে সকল খরচের উপর ২০% ছাড় প্রদান করা হয়। একইসঙ্গে ডাক্তারের সকল ফি এর উপর ৪০-৫০% ছাড় প্রদান করা হয়। ২৯ শে অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয়।
