- তল্লাশিসহ রাখা হচ্ছে গোয়েন্দা নজরদারি
শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকায় সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে জনসাধারণের জানমালের নিরাপত্তা ও যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানীতে র্যাবের দেড় হাজারের বেশী সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার (২৭ অক্টোবর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
কমান্ডার মঈন আরো বলেন, র্যাব-১ রাজধানীর আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফিট ও আমতলীতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-২ রাজধানীর বসিলা, আগারগাঁও ও শিশুমেলার সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-৩ রাজধানীর কমলাপুর, সচিবালয় ও নটরডেম কলেজের সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-৪ রাজধানীর কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, সাভার ও মানিকগঞ্জে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-১০ রাজধানীর ডেমরা, পোস্তগোলা ও সায়দাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা ও টহল কার্যক্রম পরিচালনাসহ সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে বিভিন্ন ইউনিটের র্যাব সদস্যরা।