৪ বিভাগে ভারী বৃষ্টি, ভূমিধসের আশঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৪৭ এএম
ছবি : সংগৃহীত
সোমবার (৪ মে) দুপুরের মধ্যে দেশের চার বিভাগে অতিভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও জানিয়েছে সংস্থাটি। রোববার (৩ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় সোমবার দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এর ফলে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
এদিকে ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন : হাওরাঞ্চলের ৬ জেলায় ধান-চাল সংগ্রহ শুরু আজ
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
