২৭ জেলায় গরমের দাপট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ২৭ জেলার ওপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতির মধ্যে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্তমানে রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলা, রাজশাহী বিভাগের বাকি ৭ জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানসহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
আগামী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে—
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) : রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২৫ এপ্রিল) : ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
রোববার (২৬ এপ্রিল): রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে।
