ভোটের দিন যেমন থাকবে আবহাওয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ। প্রার্থী ও নির্বাচন–সংক্রান্ত নানা হিসাব–নিকাশের পাশাপাশি ভোটারদের আগ্রহ রয়েছে ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়েও।
অনেক ভোটার সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পরিকল্পনা করছেন, কেউ আবার দুপুর বা বিকেলের সময় বেছে নিতে পারেন। তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন সারা দেশে বৈরী আবহাওয়ার আশঙ্কা নেই।
আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আরো পড়ুন : মানুষের তৈরি শব্দদূষণে পাখিদেরও শান্তি নেই, আগ্রাসী হচ্ছে কখনো
এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবারও একই ধরনের তাপমাত্রা বিরাজ করার কথা জানানো হয়েছে। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার সকাল ৯টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১১ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৮, ময়মনসিংহে ১৬ দশমিক ৩, সিলেটে ১৩ দশমিক ৫, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৪ এবং বরিশালে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
