ফের শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ভোগান্তিতে জনজীবন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ এএম
চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। ছবি : সংগৃহীত
তাপমাত্রার পারদ আবারো ১০ ডিগ্রির নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহ বইছে হিমালয়কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল জেলার ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার ফের তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরেই ঝলমলে রোদ নিয়ে উঠে গেছে সূর্য। প্রকৃতি জুড়ে হালকা কুয়াশা দেখা গেলেও হিম বাতাসে ঝরাচ্ছে ভোর সকালে কনকনে শীতের মাত্রা।
এদিকে, শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি,ডায়েরিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগব্যাধি। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
