সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সরকারি সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আবারো লঘুচাপ তৈরী হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে বৃষ্টি কম হবে। তবে উপকূলীয় এলাকায় চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হতে পারে।
আরো পড়ুন: দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
এ অবস্থায় দেশের সব বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের আরেক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে সোমবার (২৬ আগস্ট) সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
