শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে মুখ খুলল দিল্লি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০১:১১ পিএম
দুই মাস আগে ভারতের দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সেখানেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এমন খবরকে ভিত্তিহীন বলেছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলা ভারতের একাধিক মন্ত্রণালয়ের সূত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন।
ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন। এছাড়া দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছে, যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও, সেটি নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই।
শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েক দিনে নানা ধরনের আলোচনা চলছে। এবিষয়ে গত ৭ অক্টোবর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিনে নানা ধরনের আলোচনা চলছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে ৮ অক্টোবর সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফারমেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি।
এদিকে, ভারতে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু করবে কি না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য নয়। অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারা যদি দেশে ফিরতে চান, ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারেন। আদালত চাইলে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা। আদালত চাইলে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা।
