ইন্ডিয়া এআই সামিটে যোগ দিচ্ছেন না বিল গেটস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি : সংগৃহীত
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ এ মূল বক্তা হিসেবে ভাষণ দেবেন না। এ তথ্য জানিয়েছে তাঁর দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশন। গেটসের নাম সাম্প্রতিক ‘এপস্টিন ফাইলস’এ উল্লেখ হওয়া এবং সেই নিয়ে তৈরি বিতর্ককে এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে।
গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংস্থার আফ্রিকা ও ভারত শাখার প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা নবদিল্লিতে এই সম্মেলনে বক্তব্য দেবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফাউন্ডেশন জানিয়েছে, অনেক চিন্তাভাবনার পর এবং এআই সামিটের মূল বিষয়গুলোর ওপর সবার মনোযোগ রাখা নিশ্চিত করতে বিল গেটস ভাষণ দিচ্ছেন না।
গত মঙ্গলবার মূল অংশগ্রহণকারীর তালিকা থেকে গেটসের নাম বাদ পড়েছিল। এনডিটিভি জানিয়েছে, ভারত সরকার এপস্টিন ঘটনায় ভুক্তভোগীদের পাশে থাকতে চায়। তবে পরে আবার তাঁর নাম তালিকায় ফিরে আসে। সূত্র মতে, সরকার চায় মূল মনোযোগ কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত আলোচনায় থাকুক এবং অন্য কোনো বিতর্কের দিকে কেউ নজর না দেয়।
এআই সামিটের এ বছরের আয়োজন ভারতে হচ্ছে। এতে ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, ১০০ জন সিইও ও প্রতিষ্ঠাতা এবং বিশ্বের ৫০০‘র বেশি এআই বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। গত তিন বছর এই সম্মেলন যথাক্রমে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল।
আরো পড়ুন : এপস্টেইন নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির
এপস্টিন ফাইলসে গেটসের নাম
গত মাসে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত ‘এপস্টিন ফাইল’-এ গেটসের নাম উল্লেখ করা হয়। জেফরি এপস্টিন ছিলেন দণ্ডিত যৌন নিপীড়ক, যিনি ২০১৯ সালে কারাগারে মারা যান। নথিতে থাকা একটি ইমেইলে এপস্টিন দাবি করেন, গেটসের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
তবে গেটস এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ২০১১ সালে এপস্টিনের সঙ্গে পরিচয় হয় এবং তিন বছরে কয়েকবার নৈশভোজ করেছি। তবে আমি কখনোই তাঁর দ্বীপে যাইনি এবং কোনো নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলিনি। আমার লক্ষ্য ছিল বিশ্বস্বাস্থ্যের জন্য অর্থ সংগ্রহে সাহায্য করা।
গেটস ফাউন্ডেশনের মুখপাত্র জানিয়েছেন, এপস্টিন গেটসকে ফাঁসানোর জন্য যেকোনো পর্যায়ে যেতে পারতেন, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সম্পর্কের প্রমাণ নেই। এই বিতর্কের মধ্যে গেটসের সিদ্ধান্ত, এআই সামিটের মূল আলোচনার ওপর মনোযোগ বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
