লস অ্যাঞ্জেলসের দাবানল: বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
ছবি : সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং আগুন প্রায় ১৩ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় প্রায় এক লাখ মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন। দাবানল নেভানোর কাজ চলছে, তবে কর্তৃপক্ষ তা এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
গত মঙ্গলবার দাবানল শুরুর পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে বলেন, “গ্যাভিন নিউজকামের পদত্যাগ করা উচিত। এটি তার ব্যর্থতার প্রতীক।” ট্রাম্প আরও জানান, এই দাবানল ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতৃত্বের অক্ষমতা এবং অব্যবস্থাপনার চিহ্ন হিসেবে প্রকাশ পাচ্ছে।
এছাড়া, তিনি লস অ্যাঞ্জেলেসের দাবানলকে বাইডেন-নিউজকাম জুটির ব্যর্থতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, "২০ জানুয়ারির জন্য আর অপেক্ষা করার দরকার নেই।"
এই পরিস্থিতির মাঝে, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর) জানায়, আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ৭৮৩ জন কারাবন্দিকে নামানো হয়েছে। তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে আগুন নেভানোর কাজ করছে।
এদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং শুক্রবার (১০ জানুয়ারি) স্কুল বন্ধ থাকবে। শিক্ষার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস চালিয়ে যাবে বলে জানিয়েছেন এলাকার তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এই দাবানল ক্যালিফোর্নিয়াতে এক বিশাল দুর্যোগ সৃষ্টি করেছে, এবং এতে শুধু মানুষের জীবনই নয়, পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
