×

খবর

শ্রমিক কল্যাণে মজুরি বিমা চালুর সুপারিশ সিপিডির

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : সরকারকে একটি ওয়েজ গ্যারান্টি বিমা স্কিম চালুর সুপারিশ করেছে বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণা প্রতিষ্ঠানটির মতে, নিয়োগকর্তাদের চাঁদা দিয়ে বিমা স্কিম গঠন করতে হবে। যাতে কোনো কারণে শ্রমিকদের মজুরি পরিশোধে ব্যর্থ হলে, এ বিমা স্কিম মজুরি পরিশোধ নিশ্চিত করবে। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ৮৫ ভাগ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক। এদের কোনো আইনি সুরক্ষা নেই।

সিপিডি আয়োজিত ‘শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকারসংক্রান্ত সংস্কার উদ্যোগ : অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। গতকাল রবিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় আয়োজিত এ আলোচনায় সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ মূল প্রবন্ধ পাঠ করেন। এছাড়া সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং শ্রম ফেডারেশনের সভাপতি তাসলিমা আক্তার লিমা, বাংলাদেশ এমপ্লয়াস্র্ ফেডারেশনের (বিইএফ) মহাসচিব ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সুলতান উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ৮৫ ভাগ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক। এদের কোনো আইনি সুরক্ষা নেই। আর বেশির ভাগ মালিক এখন সফটওয়্যারকেন্দ্রিক, যাদের ধরা যায় না। সর্বজনীন পেনশন স্কিমে হকার, গৃহশ্রমিক, দিনমজুরের জন্য স্পেসিফিক কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, শ্রম খাতের সবাইকে নিয়ে সমন্বিত সুপারিশ দেয়ার চেষ্টা করছি, যেখানে শ্রম অধিকারকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মজুরির মানদণ্ড, সামাজিক সুরক্ষা ও সাংগঠনিক অধিকার প্রত্যেকের থাকা জরুরি। এতে গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিস্যা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশ হওয়ার পর এগুলো নিশ্চিত করব, নাকি এগুলো নিশ্চিত করে উন্নয়নশীল হব, তা এখনই ঠিক করতে হবে। জনমানুষের আকাক্সক্ষা নিশ্চিত করা না গেলে, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তনের যে আকাক্সক্ষা তা পূর্ণ হবে না।

নারী শ্রমিক কমার কারণ হিসেবে তিনি বলেন, অটোমেশন ও শ্রম খাতে সুষ্ঠু কর্মপরিবেশের অভাব নারী শ্রমিক কমার বড় কারণ। এক্ষেত্রে সব পক্ষের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থাপিত সুপারিশগুলোর মধ্যে কিছু ছিল দীর্ঘমেয়াদি, কিছু মধ্যমেয়াদি এবং কিছু ছিল স্বল্পমেয়াদি। স্বল্পমেয়াদে সিপিডি ন্যূনতম মজুরি কাঠামোতে শিশু শিক্ষা ভাতা অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।

সিপিডি জাতীয় পর্যায়ে ধীরে ধীরে একটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার সুপারিশ করেছে, যা সব শিল্পকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি অনানুষ্ঠানিক খাত এবং যেসব খাত এখনো ন্যূনতম মজুরি বোর্ড বিধিমালার আওতায় আসেনি সেগুলোতে কার্যকর হবে। মধ্যমেয়াদি সুপারিশ হিসেবে সিপিডি আগামী এক বছরের মধ্যে পাঁচ বছরের বেশি আগে নির্ধারিত সব খাতভিত্তিক ন্যূনতম মজুরির বড় ধরনের সংস্কারের সুপারিশ করেছে। এক্ষেত্রে প্রথমে সবচেয়ে পুরনোগুলোকে প্রাধান্য দিতে হবে। থিংক ট্যাঙ্কটি বলেছে, যেসব চুক্তিভিত্তিক শ্রমিক; বিশেষ করে যারা তৃতীয় পক্ষের মাধ্যমে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন, তাদের জন্য ন্যূনতম মজুরি আইনগতভাবে নিশ্চিত করা উচিত। তারা সব ধরনের ন্যুনতম মজুরি কাঠামো ভাতা (যেমন : আবাসন ভাতা) নির্দিষ্ট পরিমাণের পরিবর্তে মূল বেতনের শতাংশ হিসেবে নির্ধারণের সুপারিশ করেন।

দীর্ঘমেয়াদি সুপারিশ হিসেবে সিপিডি বলেছে, সব শিল্পকে এমডব্লিউবি কাভারেজের আওতায় আনা উচিত এবং যেখানে ট্রেড ইউনিয়নের উপস্থিতি কম সেগুলোতে বিশেষভাবে অগ্রাধিকার দিতে হবে।

অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে- মজুরি দেয়ার ক্ষেত্রে প্রতিদিনের বিলম্বের জন্য অতিরিক্ত অর্থ দেয়ার জন্য একটি নতুন আইনি বিধান চালু করা। বিশেষত ইচ্ছাকৃতভাবে, বারবার বারবার ন্যূনতম মজুরি না দেয়ার জন্য জরিমানা উল্লেখযোগ্যভাবে বাড়ানো।

তারা আরো সুপারিশ করেছে, অতিরিক্ত সময়ে কাজের জন্য বেতন না দেয়া একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনের আওতায় আনা উচিত এবং ন্যূনতম মজুরি ও বেতনসংক্রান্ত জাতীয় বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে ব্র্যান্ড/ক্রেতাদের জবাবদিহি করা উচিত। পাশাপাশি সিপিডি প্রস্তাব করেছে যে, ডিআইএফইকে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পর চার মাসের মধ্যে একটি বেতন বাস্তবায়ন মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যে সব প্রতিষ্ঠান নিয়ম অনুসরণ করছে না, তাদের নাম প্রকাশ করতে হবে। তারা আরো বলেছে, একটি জাতীয় ন্যূনতম মজুরি দিবস ঘোষণা করা উচিত এবং প্রতি বছর এটি উদযাপন করা উচিত, যাতে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ে।

বেতন পরিশোধের পদ্ধতি সম্পর্কে সিপিডির প্রস্তাব হলো- বেতন এবং অন্যান্য আর্থিক সুবিধা অবশ্যই আনুষ্ঠানিক এবং ব্যাংকিং চ্যানেল এবং/অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)/ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) এর মাধ্যমে দেয়া উচিত এবং শিল্পাঞ্চলের কাছাকাছি শ্রমিকদের জন্য নাইট ব্যাংকিং সেবা চালু করা উচিত।

সবার জন্য জাতীয় ন্যূনতম মজুরি

সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ মূল প্রবন্ধে জাতীয় ন্যূনতম মজুরি এবং সবার জন্য একই শ্রম আইনের সুপারিশ করেন। তিনি বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং এর বাইরে আলাদা শ্রম আইন থাকতে পারে না। এটি বৈষম্য। তিনি আরো প্রস্তাব করেন, প্রতিটি খাতের জন্য একটি নির্দেশিকা তৈরি করা উচিত, যাতে নির্দিষ্ট গ্রেডের বিপরীতে একজন শ্রমিক কীভাবে পদোন্নতি পাবেন তা স্পষ্টভাবে নির্ধারিত হয়।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আমরা বলছি না যে এক বছরের মধ্যে এসব সুপারিশ বাস্তবায়ন করতে হবে। এটি একটি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তিনি বলেন, তবে আমরা চাই এই বছরকে শ্রম সংস্কার বর্ষ হিসেবে ঘোষণা করা হোক। যাতে এসব সংস্কার তরান্বিত হয়। শ্রম নিয়ে কাজ করা মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং শ্রম ফেডারেশনের সভাপতি তাসলিমা আক্তার লিমা বলেন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে শক্তিশালী করতে হবে। নতুন মজুরি কাঠামোতে বেসিক মজুরি বাড়াতে হবে। শ্রমিকরা যাতে ন্যায্য বেতন পায় তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জীবন, জীবিকা ও জবানের অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ এমপ্লয়াস্র্ ফেডারেশনের (বিইএফ) মহাসচিব ফারুক আহমেদ বলেন, আমাদের দরকষাকষি ও সংলাপের ঘাটতি আছে। এর ফলে টেবিলে আলোচনা না হয়ে রাস্তায় আন্দোলন হচ্ছে। তিনি বলেন, আমাদের যৌথ দরকষাকষি বাড়াতে হবে। এক্ষেত্রে শ্রমিকের সুরক্ষায় আমরা মালেয়শিয়ার মডেল অনুসরণ করতে বলেছি। কারণ আইএলও কনভেনশনে যারা স্বাক্ষর করেছেন তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। শ্রমিক-মালিক সম্পর্ক আরো উন্নত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App