×

খবর

বড় ক্রান্তিকাল পার করছে দেশের অর্থনীতি : সিপিডি

Icon

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : দেশের অর্থনীতি এখন বড় ক্রান্তিকাল পার করছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বেসরকারি এই গবেষণা সংস্থাটি বলছে, জিডিপি প্রবৃদ্ধি আশানুরূপ নয়, কর্মসংস্থানে শ্লথগতি, সরকারি ব্যয়ে উল্লম্ফন, উচ্চ মূল্যস্ফীতি, বহিঃস্থ খাতে আয় কমে যাওয়া, কৃষির উৎপাদন কমে যাওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা অর্থনীতির ভিতকে দুর্বল করে দিয়েছে। অর্থনীতিতে এখন সরকার পাঁচটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এগুলো হলো- কম রাজস্ব আদায় ও রাজস্ব আদায়ের সুযোগ কমে আসা, সরকারের বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবণতা অব্যাহত থাকা ও তারল্য কমে আসা, মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে চ্যালেঞ্জ আরো বেড়ে যাওয়া এবং রিজার্ভ অবস্থার অবনতি।

গতকাল রবিবার ধানমন্ডির সিপিডি কার্যালয়ে আয়োজিত ‘২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের জন্য বড় ধরনের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ সাল থেকে খাদ্যমূল্য বিবেচনা করলে মূল্যস্ফীতি অস্বাভাবিক। আয় কম, কিন্তু খাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করতে হয়। যার ভুক্তভোগী গরিব ও সাধারণ মানুষ। ধনী ও গরিবের বৈষম্য বেড়েছে। গরিবের আয় বাড়েনি। জিডিপিতে জাতীয় আয় বাড়ছে, কিন্তু কর্মসংস্থানের ভূমিকা রাখতে পারছে না। মূল্যস্ফীতিতে আমরা ৯ ও ১০ শতাংশে অবস্থান করছি, যা বর্তমানে শ্রীলঙ্কার চেয়েও বেশি। ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে মিনিকেট চালের দাম ১৭ ভাগ বেড়েছে। একই সময়ে পাইজামের দাম ১৫ ভাগ এবং মোটা চালের দাম ৩০ ভাগ বেড়েছে। অর্থাৎ মুনাফাখোররা সেখানেই বেশি লাভ করছে, যে পণ্য গরিব ও মধ্যবিত্তরা ব্যবহার করে এবং বাজারে বেশি বিক্রি হয়। সিপিডির পর্যালোচনায় দেখা গেছে, গত ৫ বছরে মসুর ডাল ৯৫, আটা ৪০ থেকে ৫৪, ময়দা ৬০, খোলা সয়াবিন ৮৪, বোতলজাত সয়াবিন ৫৬ ও পামওয়েলে দাম ১০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্রয়লার মুরগি ৬০, চিনি ১৫২, গুঁড়া দুধ ৪৬ থেকে ৮০, পেঁয়াজ ১৬৪, রসুন ৩১০ ও শুকনা মরিচের দাম ১০৫ ভাগ বেড়েছে।

গোলাম মোয়াজ্জেম বলেন, অর্থনীতি ধারাবাহিকভাবে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ২০২০-২১ অর্থবছরে করোনা মহামারিতে যে সংকট তৈরি হয়েছিল, পরের বছর তা কিছুটা কমে এলেও শুরু হয়ে যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর সঙ্গে যোগ হয়েছে অর্থনীতির দুর্বলতা, সুশাসনের অভাব ও প্রয়োজনীয় সংস্কারের ব্যর্থতা। এগুলো ধারাবাহিকভাবে চলেছে। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ এ বছরেই নতুন না, আগের বছরেও ছিল। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতেই সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে অর্থনৈতিক সংস্কারে গেছে, ঋণ কর্মসূচি নিয়েছে। কিন্তু এই সংস্কার কর্মসূচি বড় ধরনের কোনো ফল দেবে, এখন পর্যন্ত তা চোখে পড়েনি।

তিনি আরো বলেন, সরকারের সামনে দুটি পথ রয়েছে, উচ্চ প্রবৃদ্ধি আর সামগ্রিক স্থিতিশীলতা। উচ্চ প্রবৃদ্ধির চেয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে আগানো উচিত। কিন্তু সরকার সূচকগুলো ধরার ক্ষেত্রে এক ধরনের গতানুগতিক পথে রয়েছে। সূচকগুলোর উচ্চ পর্যায়ে ধরা হয়। চলতি ২০২৪ অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ৬ শতাংশ। এডিপি বলছে, বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ, আইএমএফ বলছে ৫ দশমিক ৭ শতাংশ, বিশ্বব্যাংক বলছে ৫ দশমিক ৬ শতাংশ। সরকারি সংস্থাগুলো প্রবৃদ্ধির যে ধারণা দিচ্ছে, আন্তর্জাতিক সংস্থাগুলো সেটার আরো কম প্রাক্কলন করছে। আমরা দেখতে চাই সরকার এই নি¤œ প্রবৃদ্ধি নিয়ে সামষ্টিক স্থিতিশীলতা অর্জন করতে পেরেছে কিনা। তা না পারলে দুদিক থেকে ক্ষতি হবে।

বাজেট প্রাক্কলনে সরকার গতানুগতিক ভুল পদ্ধতির ওপর রয়েছে উল্লেখ করে গোলাম মোয়াজ্জেম বলেন, প্রথম ছয় মাসের হিসাব প্রাক্কলন করা হয়েছে। এখানে ছয় মাসের মূল সূচকগুলো নেয়া হয়েছে এবং একইসঙ্গে যেগুলোর তথ্যউপাত্ত নেই সেগুলোর ক্ষেত্রে বাজেটে যে টার্গেট ধরা হয়েছিল, সেই টার্গেট ধরে প্রবৃদ্ধির এই হিসাব করা হয়েছে। এই পদ্ধতিকে আমরা ভুল (ভ্রমাত্মক) বলে মনে করি। কারণ, বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা থেকে অনেক দূরে রয়েছে। সেই বাজেটের প্রাক্কলন যদি এখনকার প্রাক্কলন করা হয় তাহলে সেটিও অর্জনযোগ্য হবে না। যেটা আগের বছরগুলোয় আমরা দেখেছি।

তিনি বলেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কৃষি খাতে এখনো যেখানে উৎপাদন বাড়ানো সম্ভব সেখানে বাড়ানো; সিলেট ও দক্ষিণাঞ্চলের এক ফসলি জমিকে কমপক্ষে দুই ফসলি জমিতে রূপান্তর; সৌদি আরবের মতো অন্যান্য দেশে লোক বেশি গেলেও সে হারে প্রবাসী আয় বাড়েনি, এটা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং ডলারের ক্রলিং প্যাকের মাধ্যমে বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া অব্যাহত রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App