হালিমা আক্তার হানি
গ্রামীণ উন্নয়ন প্রয়োজন সামগ্রিক ও টেকসই দৃষ্টিকোণ
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের গ্রাম হচ্ছে দেশের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের মেরুদণ্ড। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ গ্রামে বসবাস করে এবং তাদের জীবিকা কৃষি, মৎস্য, গবাদি পশু পালন এবং ক্ষুদ্র শিল্পের ওপর নির্ভরশীল। গ্রামগুলো খাদ্য উৎপাদনের মূল কেন্দ্র হওয়ায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এর উন্নয়ন অপরিহার্য। তবে গ্রামীণ এলাকাগুলোতে এখনো দরিদ্র, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব এবং অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি বিদ্যমান। এই ঘাটতিগুলো পূরণ করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা টেকসই উন্নয়নের পূর্বশর্ত।
গ্রাম উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা যায়। উন্নত কৃষিপ্রযুক্তির ব্যবহার, সেচ ব্যবস্থার আধুনিকীকরণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে বিদ্যুৎ সুবিধা, সড়ক ও পরিবহন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গ্রামীণ উন্নয়ন বলতে এমন কার্যক্রম ও নীতিমালার সমষ্টিকে বোঝানো হয়, যা গ্রামাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো এবং জীবনযাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য করে। একটি দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ এলাকার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতি মূলত কৃষি, পশুপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর নির্ভরশীল। তবে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, কৃষি যান্ত্রিকীকরণ এবং আধুনিক চাষাবাদের কৌশল গ্রহণের মাধ্যমে এই অর্থনীতিকে আরো গতিশীল করা সম্ভব। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং স্থানীয় উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুযোগ বাড়ানোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা যায়।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সড়ক, সেতু, বিদ্যুৎব্যবস্থা, পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবার আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত যোগাযোগব্যবস্থা গ্রামীণ জনগণের পণ্য ও সেবা শহরের বাজারে সহজলভ্য করে, যা আয়ের সুযোগ বৃদ্ধি করে। বিদ্যুৎ সুবিধা বাড়লে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটে। এছাড়া আধুনিক স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা গ্রামীণ জনগণের জীবনের মান বাড়ায়।
গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষমতার সুযোগ তৈরি করা প্রয়োজন। নারীর ক্ষমতায়ন, শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ প্রদান করে একটি সামগ্রিক উন্নয়ন সম্ভব। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন সহজ হয়।
তবে গ্রামীণ উন্নয়নে প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, ভূমি অবক্ষয় এবং দারিদ্র্যের উচ্চ হার। এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণ ও প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োজন রয়েছে। সুতরাং গ্রামীণ উন্নয়নকে একটি সামগ্রিক ও টেকসই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার দিকেও লক্ষ রাখবে।
শিক্ষার্থী, রাজশাহী কলেজ।
honey06062006@gmail.com
