জৈন্তাপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম
ছবি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের আওতাধীন ভুগলিখাল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে খাল পুনঃখননের কাজ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচির ফলে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। উৎপাদিত খাদ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হতো।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।”
এর আগে সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী। পরে সাড়ে ১১টায় উপজেলার চারিকাটা ইউনিয়নে বিএডিসি বাস্তবায়িত ‘সিলেট বিভাগের ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় জাফরাং খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মসন সিংহ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
এছাড়া উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, কৃষক ও খাল খনন কাজে নিয়োজিত শ্রমিকরা।
