সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ ও উদ্বেগ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি” সংগৃহীত
সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ এবং এই মরণব্যাধীতে আক্রান্ত হয়ে এবার দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
চলমান পরিস্থিতিতে সিলেটে হাম আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, দুই দিন আগে হাম ও হৃদ্যন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে পুরো বিভাগজুড়ে ১০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ সবচেয়ে বেশি, যেখানে বর্তমানে ৬২ জন ভর্তি আছেন। গত কয়েক দিনে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে। শুক্রবার যেখানে ভর্তি ছিলেন ৪১ জন, সোমবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে এবং বর্তমানে হাসপাতালের দুটি আইসোলেশন ওয়ার্ডই রোগীতে পূর্ণ হয়ে গেছে।
পরিস্থিতি সামাল দিতে সিলেট স্বাস্থ্য বিভাগ বর্তমানে হিমশিম খাচ্ছে, এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বিত চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত ওসমানী মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে এবং সেখান থেকে সুস্থ হয়ে অনেক শিশু বাড়িও ফিরছে। রোগীর চাপ সামাল দিতে ওসমানী হাসপাতালে হামের রোগীদের জন্য নির্ধারিত ৫ বেডের আইসিইউ ইউনিটকে ১০ বেডে উন্নীত করার কাজ চলছে যা আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কাজ জোরদার করেছে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
