দুই বিশ্বকাপ জয়ীকে নিয়ে সুইজারল্যান্ডের স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৪৮ পিএম
সুইজারল্যান্ড ফুটবল দল। ছবি- সংগৃহীত
২০০৯ সালে নাইজেরিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের দুই নায়ক রিকার্ডো রদ্রিগেজ ও গ্রানিট জাকা। ১৭ বছর আগের সেই সাফল্যের সারথিদের নিয়ে এবার বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে চায় সুইজারল্যান্ড। এই দুজনকে চতুর্থবারের মতো সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ দিল দেশটি। জাকা-রদ্রিগেজের সঙ্গে মানুয়েল আকাঞ্জি, ব্রিল এমবোলো, গ্রেগর কোবেল ও ডেনিস জাকারিয়াকে রেখে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মুরাত ইয়াকিন।
ইউরোপা লিগের ফাইনালে ওঠা ফ্রেইবুর্গের হয়ে দারুণ পারফর্ম করা জোহান মানজাম্বি এই স্কোয়াডের সর্বকনিষ্ঠ সদস্য। আর গোলকিপার মার্ভিন কেলার দলে ডাক পাওয়া একমাত্র নতুন মুখ।
গত তিন আসরেই গ্রুপ পর্বের বাধা পার করেছে সুইজারল্যান্ড। তবে প্রতিবারই তাদের বিদায় নিতে হয়েছে শেষ ষোলো থেকে। বিশ্বকাপে সুইসদের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। ঘরের মাঠে ১৯৫৪ সালের বিশ্বকাপে শেষবার শেষ আটে খেলেছিল তারা।
আগামী ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে সুইজারল্যান্ড। ‘ডি’ গ্রুপে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও কানাডার বিপক্ষে তাদের পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৭ ও ২৪ জুন।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: গ্রেগর কোবেল, মার্ভিন কেলার, ইভন এমভোগো।
ডিফেন্ডার: মানুয়েল আকাঞ্জি, অরেল আমেন্দা, এরে কোমার্ট, নিকো এলভেডি, লুকা জাকুয়েজ, মিরো মুহেইম, রিকার্দো রদ্রিগেজ, সিলভান ভিডমার।
মিডফিল্ডার: মিশেল এবিশার, ক্রিস্টিয়ান ফাসনাক্ট, রেমো ফ্রয়লার, সেড্রিক ইত্তেন, আরডন জাশারি, ফ্যাবিয়ান রিডার, জিব্রিল সো, গ্রানিট জাকা, ডেনিস জাকারিয়া।
ফরোয়ার্ড: জেকি আমদুনি, ব্রিল এমবোলো, জোহান মানজাম্বি, ড্যান এনডয়, নোয়া ওকাফোর এবং রুবেন ভারগাস।
