×

খেলা

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:২৪ পিএম

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার

ম্যানুয়েল নয়ার। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দুই বছর পর আবারও জার্মানি দলে ফিরতে যাচ্ছেন ম্যানুয়েল নয়ার। ৪০ বছর বয়সী বায়ার্ন মিউনিখ গোলরক্ষককে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করার কথা রয়েছে তার।

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন নয়ার। তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে সেই সিদ্ধান্ত বদলে আবারও জার্মানির গোলপোস্ট সামলানোর অপেক্ষায় আছেন তিনি। দলে জায়গা পেলে এটি হবে তার পঞ্চম বিশ্বকাপ।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নয়ারের অভিষেক হয়। এরপর ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। এ ছাড়া ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও জার্মানি দলের এক নম্বর গোলকিপার ছিলেন তিনি, যদিও দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্মানির হয়ে রেকর্ড ১২৪টি ম্যাচ খেলেছেন নয়ার। দেশের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক। এবারের বিশ্বকাপে মাঠে নামলে জার্মানির হয়ে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডও গড়বেন তিনি। রেকর্ডটি এখন কিংবদন্তি লোথার ম্যাথাউসের দখলে, যিনি ২০০০ সালের ইউরোতে ৩৯ বছর বয়সে খেলেছিলেন।

গত ফেব্রুয়ারিতেও জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন নয়ার। কোচ নাগেলসমানও এত দিন প্রকাশ্যে ওলিভার বাউমানকে সমর্থন দিয়ে আসছিলেন। নয়ারের অবসরের পর হফেনহাইমের এই গোলরক্ষকই জার্মানির এক নম্বর গোলকিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

তবে শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে যাচ্ছে। নয়ার দলে ফিরলে বাউমান বিশ্বকাপে যাবেন ব্যাকআপ গোলরক্ষক হিসেবে। নাগেলসমান স্কোয়াডে তিনজন গোলরক্ষক নিলে স্টুটগার্টের আলেক্সান্ডার নুবেল অথবা বায়ার্নের জোনাস উরবিগের যেকোনো একজনকে বাদ পড়তে হতে পারে।

নয়ারের ফেরার সিদ্ধান্তকে সাহসী হলেও ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। অভিজ্ঞতা ও নেতৃত্বের দিক থেকে তিনি এখনো জার্মানির সবচেয়ে বড় নাম হলেও সাম্প্রতিক বছরগুলোতে চোট তার নিত্যসঙ্গী। বিশ্বকাপের ঠাসা সূচিতে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক কতটা ফিট থাকবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বায়ার্ন মিউনিখের হয়ে অবশ্য মৌসুমটা ভালোই কাটিয়েছেন নয়ার। ক্লাবের সঙ্গে এক বছরের নতুন চুক্তি করার পাশাপাশি জিতেছেন বুন্দেসলিগা। বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও তুলেছেন তিনি।

নয়ারের ফেরার খবরে জার্মান ফুটবল মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার অভিজ্ঞতাকে স্বাগত জানালেও বাউমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করছেন। জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর এক জরিপে অংশ নেওয়া সিংহভাগ সমর্থকই বাউমানকে মূল গোলপোস্টে রাখার পক্ষে মত দিয়েছেন।

আগামী জুনে হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও ইকুয়েডর। নাগেলসমানের দলের জন্য এই টুর্নামেন্ট এমনিতেই বড় পরীক্ষা, তার ওপর নয়ারের অবসর ভেঙে ফেরা সেই গল্পে যোগ করল নতুন নাটকীয়তা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App