গুরুতর ইনজুরিতে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় ফরাসি তারকা স্ট্রাইকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
ফরাসি তরুণ স্ট্রাইকার গুগো একিতিকে । ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাস দুয়েক। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ৪৮ দলের এই মহাযজ্ঞ। ঠিক এমন সময়ে ফরাসি শিবিরে নেমে এলো বড় দুশ্চিন্তা। গুরুতর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছেন লিভারপুলের তরুণ স্ট্রাইকার হুগো একিতিকে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ২-০ গোলে হেরে অলরেডদের বিদায়ের রাতে মাঠেই লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী একিতিকে। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, তার 'অ্যাকিলিস টেন্ডন' ছিঁড়ে গেছে। এই ধরনের চোট ফুটবলারদের জন্য ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ আঘাতগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।
এক অ্যাংকল সার্জারি বিশেষজ্ঞ চোটের ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন, একিতিকের এই ইনজুরিতে অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো পথ নেই। ফুটবলীয় পরিভাষায় এই চোট সারিয়ে মাঠে ফিরতে কমপক্ষে ৯ থেকে ১২ মাস সময় প্রয়োজন। ফলে চলতি মৌসুম তো বটেই, এমনকি আগামী মৌসুমের শুরুতেও তাকে দেখা যাবে না এটা প্রায় নিশ্চিত।
সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে ফ্রান্সের শিরোপা অভিযানে। ফরাসি কোচ দিদিয়ের দেশম যখন বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দলের এই নির্ভরযোগ্য স্ট্রাইকারের ছিটকে যাওয়া কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। নির্ধারিত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে জুনের মধ্যে একিতিকের পুরোপুরি ফিট হওয়া অনেকটা অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পিএসজির কাছে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের চেয়েও একিতিককে হারানোই এখন লিভারপুল ভক্তদের জন্য বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে স্বপ্নের বিশ্বকাপ থেকে একিতিকের দর্শক হয়ে থাকার শঙ্কাই এখন প্রবল।
