মধ্যপ্রাচ্য পরিস্থিতি
ইউরোপে হতে পারে স্পেন–আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ ম্যাচ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি কাতারের বদলে ইউরোপে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় নির্ধারিত ভেন্যু দোহা থেকে ম্যাচ সরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করায় সেখানে ম্যাচ আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে।
আরো পড়ুন: কাতারে সব ধরনের ফুটবল স্থগিত
পরিস্থিতি বিবেচনায় ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকার কনফেডারেশন কনমেবল নতুন ভেন্যু নির্ধারণে আলোচনা চালাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, লন্ডন এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে।
যদিও একই দিনে ওয়েম্বলি স্টেডিয়াম-এ ইংল্যান্ড বনাম উরুগুয়ে ম্যাচ রয়েছে, তবুও লন্ডনের অন্যান্য বড় স্টেডিয়াম এই উচ্চপ্রোফাইল ম্যাচ আয়োজনের সক্ষমতা রাখে বলে ধারণা করা হচ্ছে।
স্পেন ফুটবল ফেডারেশন দ্রুত সিদ্ধান্ত চায়। কারণ জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে মার্চের আন্তর্জাতিক বিরতিকে তারা গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় হিসেবে দেখছে।
আরো পড়ুন: কলকাতায় আটকা ওয়েস্ট ইন্ডিজ দল, দিল্লিতে জিম্বাবুয়ে
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, যত দ্রুত সম্ভব নতুন ভেন্যু চূড়ান্ত করা জরুরি। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলতে আগ্রহী থাকলেও স্পেন বিকল্প প্রতিপক্ষের কথাও ভাবছে, যাতে আন্তর্জাতিক উইন্ডোটি নষ্ট না হয়। কারণ নির্ধারিত এই ম্যাচের তিন দিন পরই স্পেনের আরেকটি প্রীতি ম্যাচ রয়েছে মিশরের বিপক্ষে।
সবকিছু ঠিক থাকলে কাতারের পরিবর্তে ইউরোপের শহরেই অনুষ্ঠিত হতে পারে মর্যাদাপূর্ণ এই ‘ফিনালিসিমা’, যেখানে মুখোমুখি হওয়ার কথা বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দল স্পেন ও আর্জেন্টিনার।
