বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফারুকের অদ্ভুত ব্যাখ্যা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে, তবে এবার কোনো ফ্র্যাঞ্চাইজি সেই নিয়ম মানেনি। দলগুলো খেলোয়াড়দের কোনো অর্থই পরিশোধ করেনি। বিষয়টি বারবার আলোচনায় আসলেও এ নিয়ে কোনো পদক্ষেপের বিষয়ে জানাতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বুধবার (১ জানুয়ারি) মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘প্রথম দিন থেকেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের বলছি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। কিন্তু পরিস্থিতি এমন যে, এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। গত চার মাসের পরিস্থিতি বিবেচনা করতে হবে। তবে এর মানে এই নয় যে খেলোয়াড়রা টাকা পাবেন না। এ বিষয়ে আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি।’
এর আগে, দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্ট শুরুর আগে এক টাকাও পাননি ক্রিকেটাররা। প্রথম ম্যাচের পর দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ও বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে ফারুক বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধা-অসুবিধাও দেখার চেষ্টা করছি। তারা আমাদের পার্টনার। তাদের যেন বোর্ডের সঙ্গে কাজ করতে সমস্যা না হয়, সেই চেষ্টাও করছি। তবে খেলোয়াড়দের পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে আমরা তাদের সঙ্গে কথা বলে যাচ্ছি।’
এদিকে এমন আর্থিক অনিশ্চয়তা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর অসঙ্গতি নতুন কিছুই না। ক্রমেই এটি ক্রিকেটারদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বোর্ড সভাপতি ফারুকের মন্তব্য, সমস্যা সমাধানে বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
