মাহমুদউল্লাহর পর মিরাজেরও লড়াকু ফিফটি, ছুটছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
৭২ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের সাবলীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। দলকে বিপদ মুক্ত করার পাশাপাশি ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি তুলে নেন রিয়াদ। এরপর মিরাজও ফিফটির দেখা পেয়েছেন।
নবির করা ৪১তম ওভারের পঞ্চম ডেলিভারিতে এক রান নিয়ে ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি ছুঁয়ে ফেলেন মিরাজ। ১০৬ বলে মাত্র ৪৭ দশমিক ১৬ স্ট্রাইক রেটে ফিফটি করেছেন বাংলাদেশের এই অধিনায়ক।
ওয়ানডেতে লাল-সবুজের পঞ্চম অধিনায়ক হিসেবে অভিষেকে ফিফটি পেলেন তিনি। এ ছাড়া তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের শততম ওয়ানডেতেও ফিফটি ছুঁলেন এই অলরাউন্ডার।
এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোড়াপত্তনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। সৌম্য আক্রমণাত্মক খেললেও দেখেশুনেই স্কোরশিট সচল রেখেছিলেন তামিম। সাবলীল ব্যাটিংয়ে ৮ দশমিক ২ ওভারেই দলীয় ৫০ পার করেন এই দুই ওপেনার। তবে দলীয় ৫৩ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ।
আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ২৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। তার বিদায়ের পর আরেক ওপেনার তামিমও সাজঘরের পথ ধরেন। নবির বলে শাহীদীর হাতে ক্যাচ দিয়ে ২৯ বলে ১৯ রান করে ফেরেন দু'বার জীবন পাওয়া এই ওপেনার।
তিনে নেমে জাকির হাসানও দেখেশুনেই খেলছিলেন। তবে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বেশিক্ষণও ক্রিজে থাকতে পারেননি শান্তর জায়গায় সুযোগ পাওয়া টপ-অর্ডার এই ব্যাটার। রান-আউট হয়ে ব্যক্তিগত ৪ রানে ফেরেন জাকির।
৫ রান ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে চারে নেমে তাওহীদ হৃদয়ও আস্থার প্রতিদান দিতে পারেননি। রশিদ খানের বলে স্লিপে গুলবাদিন নাইবের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান।
