ভারতের বোলারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ইনজামামের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত রীতিমত উড়ছে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে রোহিত শর্মারা। গ্রুপ পর্বে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষেও জিতেছে ভারত।
তাতে শক্তিমত্তার দিক থেকে দলটির অবস্থান জানান দিয়ে সেমিফাইনালে অন্য দলগুলোকে চোখ রাঙ্গাচ্ছে অপ্রতিরুদ্ধ ম্যান ইন ব্লুজরা। কিন্তু সবশেষ ম্যাচে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পেসার অর্শদীপ সিংয়ের রিভার্স সুইং প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে অর্শদীপ সিং কীভাবে রিভার্স সুইং পেয়েছেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে ইনজামাম বলেছেন, ‘১৫তম ওভারে অর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এল, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’
মূলত সে ম্যাচে অর্শদীপ বোলিংয়ে এসেছিলেন ম্যাচের ১৬তম ওভারে। তখন অস্ট্রেলিয়ার সমীকরণ ছিল এমন—৩০ বলে ৬৫ রান। ক্রিজে ছিলেন ৭৩ রানে ব্যাটিং করা ট্রাভিস হেড। এরপরও সেই ওভারে মাত্র ৭ রান হয়। তার মধ্যে অতিরিক্ত থেকেই এসেছে ৪ রান। স্পষ্টই দেখা গেছে, রিভার্স সুইং খেলতে সমস্যা হচ্ছিল হেড ও অন্য প্রান্তে থাকা টিম ডেভিডের।
পাকিস্তানের সাবেক এ কিংবদন্তি ক্রিকেটার একটু ভিন্নভাবেই যেনো বল টেম্পারিংয়ের বুঝিয়েছেন। ইনজামাম বিষয়টি উপস্থাপন করেছেন এভাবে, ‘পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি। ১৫তম ওভারে যদি অর্শদীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। অ্যাকশনের কারণে যশপ্রীত বুমরা রিভার্স সুইং আদায় করতে পারেন। তবে কিছু বোলারের জন্য রিভার্স আদায় করতে হলে বলে কাজ করতে হয়।’
ওই অনুষ্ঠানে উপস্থিতি থাকা পাকিস্তানের আরেক সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক বলেছেন, ‘কিছু দলের বিপক্ষে তাদের (আম্পায়ার) চোখ সব সময় বন্ধ থাকে। ভারত সেসব দলের মধ্যে একটি। আশপাশের ফিল্ডারদের চেক করো, রিভার্স সুইং পাওয়ার সময় আমি ইনজিকে এ কথা বলে হাসছিলাম।’ তবে ইনজামাম পরে এ কথাও বলেছেন, ‘উইকেট কঠিন, রুক্ষ ছিল, হতে পারে এ কারণে রিভার্স সুইংয়ের জন্য বল তৈরি হয়ে গেছে।’
