বাস খাদে পড়ে ব্রাজিলে নিহত ২৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম
বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রাজিলে যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। রোববার আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। খবর এএফপির।
এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।
ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।
হতাহতের এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।
