×

রংপুর

পঞ্চগড় সীমান্ত

৩৬ ঘণ্টা পেরিয়েও জিরো লাইনে নারী-শিশুসহ ১০ জন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

৩৬ ঘণ্টা পেরিয়েও জিরো লাইনে নারী-শিশুসহ ১০ জন

ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আবার বিএসএফও তাদের ফিরিয়ে নেয়নি। ফলে প্রায় ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে তারা দুই দেশের সীমান্তবর্তী জিরো লাইনে অবস্থান করছে।

শনিবারও বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এ বিষয়ে কোনো সমাধান হয়নি। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি তা প্রতিহত করলে তারা সীমান্তের ভারতীয় অংশের জিরো লাইনে অবস্থান নেয়।

শুক্রবার সারাদিন প্রখর রোদে এবং রাতভর বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়েছে নারী-শিশুসহ ওই ব্যক্তিদের। বাংলাদেশে প্রবেশ করতে না পারা এবং ভারতেও ফিরে যেতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর ভারী বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেও নারী ও শিশুদের খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবির টহল দল তা প্রতিহত করে। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত নিতে রাজি হয়নি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবি কোনো ধরনের পুশইন মেনে নেবে না। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বে অব বেঙ্গল কনভারসেশন অক্টোবরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বে অব বেঙ্গল কনভারসেশন অক্টোবরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

বিএনপিতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহারে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহারে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App