বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৪১ পিএম
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় গত ৮ মে দুই বাংলাদেশিকে সীমান্তে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ইসলাম গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে খাদেমুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৯০৫/৬-এস পিলারসংলগ্ন এলাকায় যান। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে।
পরে সঙ্গীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
