চিরিরবন্দরে ঈদের নামাজ অনুষ্ঠিত
মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর (দিনাজপুর) থেকে
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসলিম সম্প্রদায়ের একটি অংশ।
প্রতি বছরের ন্যায় এবারও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে চিরিরবন্দর উপজেলায় শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিগণ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু, ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহার নামাজ আদায় এবং কোরবানি করেন তারা।
সকাল ৯টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের চিরিনদী ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করা হয়। এই জামাতে প্রায় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম।
ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, "সারাবিশ্বে একই দিনে ঈদ হওয়া উচিত। লাইলাতুল কদর যেহেতু একটি, তাই সেটি একাধিক হতে পারে না। সে ক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের সঙ্গে মিল রেখে একই দিনে নামাজ আদায় করি। এছাড়া বিশ্বের অধিকাংশ মুসলিম একই দিনে ঈদ উদযাপন করেন, সে বিবেচনায় আমরা এটি পালন করে থাকি"।
তারা আরও বলেন, "২০০৯ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ ও কোরবানি পালন করে আসছেন। পৃথিবীর অনেক দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশেও কিছু স্থানে এক দিন আগে ঈদ হওয়ায় তারা আগেভাগেই ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন।
চিরিনদী ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলী বলেন, "আমি ২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ ও কোরবানি পালন করে আসছি"।
চিরিনদী ঈদগাহ মাঠের ইমাম মোহাম্মদ আব্দুল আলিম বলেন, "আমরা বিগত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখি, ঈদ ও কোরবানি উদযাপন করি। আমরা মনে করি, পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ দেখা গেলে ঈদের নামাজ আদায় করা বা কোরবানি দেওয়া যেতে পারে। আমরা মুসলিম উম্মাহকে একই দিনে রোজা ও ঈদ পালনের জন্য বিশেষ আহ্বান জানাই।
