৬ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
স্বপন কুমার দে, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম
দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর। ছবি: ভোরের কাগজ
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে। ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে। আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট বলেন, আমাদের পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের অফিস খোলা থাকবে ও দপ্তরের দাপ্তরিক কাজ চলবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবীব সরকার পলাশ বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।
