বগুড়ায় দিন দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি: নিহত রকি
বগুড়ার শাহাজাহানপুরে রকি নামে অস্ত্রসহ একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রকি উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর আগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। তিনি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। তবে নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে রকিকে ঘটনাস্থলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান বলেন, রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতের মতো একাধিক মামলা রয়েছে। ঈদের আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।
শাহাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেখানে তার মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
