×

রাজশাহী

লাইসেন্স জটিলতায় রূপপুরে জ্বালানি লোডিং ফের স্থগিত

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

লাইসেন্স জটিলতায় রূপপুরে জ্বালানি লোডিং ফের স্থগিত

ছবি: সংগৃহীত

অগ্নি নিরাপত্তাসংক্রান্ত জটিলতায় লাইসেন্স না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৭ এপ্রিল এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি লোডিংয়ের আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এ লক্ষ্যে গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বৈঠক হলেও অগ্নি নিরাপত্তা বা ফায়ার সেফটি সংক্রান্ত কিছু পর্যবেক্ষণের কারণে চূড়ান্ত অনুমোদন মেলেনি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী, ৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি এই উদ্‌বোধনী অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা ছিল। 

বিএইআরএ-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কিছু টেকনিক্যাল ও ক্রিটিক্যাল ইস্যু সমাধানে সময় দেওয়া হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই এগুলো সমাধান হবে। আমরা নিরাপত্তার বিষয়ে কোনো আপস করতে চাই না’।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গত নভেম্বরে প্রকল্পের বিস্তৃত পরিদর্শনে ২৫৭টি পর্যবেক্ষণ চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে কিছু ক্ষেত্রে পুনঃপরীক্ষা ও অতিরিক্ত অ্যাসেসমেন্ট করতে বলা হয়েছে।

বিশেষ করে ফায়ার ফাইটিং সিস্টেম নিয়ে ফায়ার সার্ভিস বিভাগ পুনরায় পরিদর্শন করার পর লাইসেন্সের বিষয়ে সিদ্ধান্ত হবে। 

প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন বলেন, ‘আমরা প্রয়োজনীয় সব নথি জমা দিয়েছি। তবে নিয়ন্ত্রক সংস্থার ফায়ার সেফটি সংক্রান্ত কিছু পর্যবেক্ষণ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। লাইসেন্স পাওয়ার পর উদ্‌বোধনের নতুন তারিখ নির্ধারণ করা হবে।’ 

এদিকে, দুই দেশের সরকারপ্রধানের সময় নিয়ে উদ্‌বোধনের তারিখ নির্ধারণের পর লাইসেন্স না মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। তবে রাশিয়ার মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসাটম’-এর একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে।

উল্লেখ্য, দেশের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২.৬ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সবকিছু ঠিক থাকলে, প্রথম ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং ২০২৭ সালের প্রথমার্ধে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই বিচারক কর্মকর্তার বদলি

দুই বিচারক কর্মকর্তার বদলি

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App