ড্যাফোডিল ইউনিভার্সিটি : দুদিনব্যাপী জব উৎসব শুরু
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
উচ্চ শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য হলো দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। এই লক্ষ্য নিয়েই গতকাল শুক্রবার থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ জব উৎসব ‘ডিআইইউ জব উৎসব ২০২৩’। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দীন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। উদ্বোধন পরবর্তী ‘বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা : প্রভাবশালী শিল্পের জন্য অন্তদৃষ্টি’ শীর্ষক প্রেসিডেন্টস টক সেশনে প্যানেল ডিসকাসেন্ট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সামীর সাত্তার, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বাংলাদেশ হিউম্যান সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিএসএইচ আরএম) সভাপতি মাশেকুর রহমান খান, সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি তপন কান্তি সরকার এবং আইআইএফসির নির্বাহী পরিচালক জসিম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর ফিত্তিন আবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দীন আহমেদ বলেন, বিশ্বায়নের এ যুগে প্রযুক্তি ও কারিগরি দক্ষতার পাশাপশি সফট স্কিলগুলো বর্তমান চাকরি বাজারের প্রধান হাতিয়ার। তিনি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এ দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
