তিন তারকার ‘দোস্ত দুশমন’
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক : অনন্ত জলিল ও ডি এ তায়েবকে নিয়ে নির্মাণ হচ্ছে ‘দোস্ত দুশমন’ সিনেমা। বলিউডের বিখ্যাত ‘শোলে’ সিনেমার বাংলা রিমেক ‘দোস্ত দুশমন’ মুক্তি পেয়েছিল ১৯৭৭ সালে। সিনেমা তৈরি করেছিলেন দেওয়ান নজরুল। দুই বন্ধুর চরিত্রে ছিলেন ওয়াসিম ও সোহেল রানা। বন্ধু থেকে তাদের শত্রæ হয়ে যাওয়ার এ গল্পটি তখন দারুণ জনপ্রিয় হয়েছিল। ৪৬ বছর পর ঢালিউডে একই নামে তৈরি হচ্ছে সিনেমা। যেখানে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন অনন্ত-তায়েব। তবে ডি এ তায়েব জানালেন, আগের দোস্ত দুশমনের সঙ্গে এর কোনো মিল নেই। এটি সম্পূর্ণ আলাদা গল্প। দুই বন্ধুর নায়িকার চরিত্রে থাকবেন চিত্রনায়িকা বর্ষা। যার কারণে গল্পের দুই বন্ধুর বন্ধুত্ব গড়াবে শত্রæতায়। মারামারি করে। জেল হয়। পাঁচ বছর পর জেল থেকে বেরিয়ে ওরা অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়ে। দুজন পৃথক দুই দলের হয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এ সিনেমায় দুই গডফাদারের চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর ও মাহমুদুল ইসলাম মিঠু। গল্পে অনন্ত ও তায়েব মূলত তাদের হয়েই কাজ করেন। আর বর্ষাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। ডি এ তায়েব বলেন, ‘এখন চিত্রনাট্যের কাজ চলছে। এরপর শুটিংয়ের তারিখ ঠিক করা হবে। তবে সিনেমাটি কে পরিচালনা করছেন, সেটা এখনই জানাচ্ছি না। এটা নিয়ে মিটিং চলছে। কয়েক দিন পর সবাইকে বিস্তারিত জানাব।’
