×

শেষের পাতা

প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা বের করতে হবে : সাবের হোসেন চৌধুরী

Icon

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা বের করতে হবে : সাবের হোসেন চৌধুরী
ঢাবি প্রতিনিধি : প্লাস্টিকের নানাবিধ ক্ষতিকারক দিক আছে- যা পরিবেশ দূষিত করার পাশাপাশি মানুষের স্বাস্থ্যেরও চরম ক্ষতি করছে। প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা বের করতে হবে, না হলে এর ব্যবহার কমানো সম্ভব না। আর এই বিষয়গুলোকে যদি এখনই গুরুত্ব না দেয়া হয় তবে অদূর ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। গতকাল সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের ইসিই ভবনে বুয়েটের উদ্যোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও বুয়েট-এর মধ্যকার সমঝোতা স্বাক্ষর এবং ‘প্রোজেক্ট অন প্লাস্টিক সার্কুলারিটি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন রাইজ-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার, সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। অনুষ্ঠানে ‘রিসার্চ এন্ড ইনোভেশন ইন হলিস্টিক প্লাস্টিক সার্কুলারিটি’ শীর্ষক বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান পুলক বড়ুয়া। এছাড়াও ‘সাসটেইনেবল প্লাস্টিক প্যাকেজিং সার্কুলারিটি : কস্ট ইফেক্টিভ এপ্রোপ্রিয়েট টেকনোলজি’ শীর্ষক একটি রিসার্চ প্রস্তাব উপস্থাপনা করেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী বায়েজিদ কবীর ও ড. কৌনিশ কীর্তনিয়া। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের পক্ষ থেকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। এ সময় আরো উপস্থিত ছিলেন বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিচালকরা। সাবের হোসেন চৌধুরী তার বক্তব্য বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করেছি। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য পরিবর্তন ও প্লাস্টিক সমস্যা- এই ৩টি সংকটে পুরো বিশ্ব কাঁপছে, বাংলাদেশও এর বাইরে নয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কীভাবে এই সমস্যাগুলোকে মোকাবিলা করবে, কী ধরনের পদক্ষেপ নেবে এর উপর নির্ভর করছে এখন থেকে পরবর্তী ৫০ বছরে বাংলাদেশকে কোন অবস্থায় দেখতে চাই। তিনি বলেন, ‘ওয়ান-টাইম’ প্লাস্টিকের ব্যবহার থেকে আমাদের সরে আসতে হবে। প্লাস্টিকের বিকল্প বের করতে হবে। যখন প্লাস্টিক ছিল না তখনো আমাদের জীবন চলত। তাই এদিকে আরো বেশি বেশি গবেষণা বাড়াতে হবে। আমরা প্লাস্টিকের নেতিবাচক ব্যবহার নিয়ে কথা বলব আর নিজের বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল রাখব না, এটা যেন না হয়। অনেক সরকারি সংস্থাই এই বিষয়গুলো মেনে চলে না উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, সরকারের কোনো সংস্থা যদি আইন না মানে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা আগে নিজেরা আইন মানব তারপর সাধারণ জনগণের কাছে এই বিষয়গুলো তুলে ধরব। এই দিকটাতেও আমাদের আরো নজর দেয়া প্রয়োজন। অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক আরো উন্নত করার তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে গেলে বুয়েট এগিয়ে যাবে। আর বাংলাদেশকে এগিয়ে নিতে বুয়েটকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক আরো জোরদার করতে হবে। এই ক্ষেত্রগুলোতে সরকারকে যুক্ত করতে পারলে তা আরো ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সামগ্রিক বাজেট বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেন। সম্মানীয় অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য আব্দুল জব্বার খাঁন বলেন, উপমহাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট একটি জায়গা করে নিতে সক্ষম হয়েছে। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের বাজেট কম হওয়ায় গবেষণা সংক্রান্ত বিষয়ে জোর দিতে পারে না। বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘সার্টিফাইড’ প্রশিক্ষক দ্বারা ‘সফ্ট স্কিলস ট্রেনিং’ করানো হচ্ছে। এক্ষেত্রে বাজেট বাড়ানোর দিকে নজর দিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। সভাপতির বক্তব্যে ড. সত্য প্রসাদ মজুমদার ইউনিলিভার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তাদের সঙ্গে ভবিষ্যতে আরো বড় প্রকল্প নিয়ে কাজ করার প্রত্যাশা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

৮ বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৮ বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App