সাবের হোসেন চৌধুরী : কমিটি বাণিজ্যের কোনো সুযোগ নেই
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগে কমিটি নিয়ে বাণিজ্য হওয়ার কোনো সুযোগ নেই। যারা যোগ্য, দলের জন্য ত্যাগ আছে, সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাদের বিষয়ে বিবেচনা করা হবে। গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের ঢাকা ৯ আসনের সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার সকালে রাজধানীর মাদারটেক আ. আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে সবুজবাগ থানা ও ৪, ৫, ৭৩ এবং ৭৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সম্মেলন বক্তার বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি মো. আশ্রাফুজ্জামান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, স¦াস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সাবের হোসেন চৌধুরী বলেন, যাদের নিয়ে এলাকায় বিতর্ক আছে, যাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে তাদের আমরা আমাদের দলে দেখতে চাই না। যারা মানুষের জন্য কাজ করে, ত্যাগী, যোগ্য, সৎ এবং এলাকায় গ্রহণযোগ্য তাকে প্রাধান্য দিয়ে কমিটি দেয়া হবে। আমরা এমন নেতৃত্ব চাই যাদের প্রতি শুধু দলের সমর্থন না, সাধারণ মানুষেরও আস্থা আছে।
তিনি বলেন, সংগঠনের জন্য যারা শ্রম দিয়েছেন, যারা পরীক্ষিত তাদের প্রতি আমরা অবিচার করব না। যারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন তাদের আমরা নেতৃত্বে দেখতে চাই।
