সাবমেরিন ক্যাবল : লাইসেন্স পেল তিন প্রতিষ্ঠান
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতেও ইন্টারনেট ব্যান্ডউইথের জন্য সাবমেরিন ক্যাবলের লাইসেন্স পেয়েছে তিন প্রতিষ্ঠান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গত সোমবার জানানো হয়, সামিট কমিউনিকেশন্স লিমিটেড, সিডিনেট কমিউনিকেশন্স লিমিটেড ও মেটাকোর সাবকম লিমিটেডের নামে লাইসেন্স ইস্যুর জন্য সরকারের অনুমোদন দেয়া হয়েছে।
বিটিআরসি হতে প্রাপ্ত ৬টি প্রতিষ্ঠানের মধ্যে কমিশন কর্তৃক গঠিত মূল্যায়ন কমিটির মূল্যায়নে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত ২০১০) এর ৩৬ (১) ধারার বিধান এবং সংশোধিত সাবমেরিন ক্যাবল সিস্টেমস এন্ড সার্ভিসেস গাইডলাইনের ক্লজ ৪.৫ মোতাবেক সাবমেরিন ক্যাবল সিস্টেমস এন্ড সার্ভিসেস লাইসেন্স এই তিন কোম্পানির নামে ইস্যুর জন্য বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, সাবমেরিন ক্যাবলের লাইসেন্সের জন্য ৬টি কোম্পানি আবেদন জমা দেয়। এরা হলো, সামিট কমিউনিকেশন্স লিমিটেড, ফাইবার অ্যাট হোম লিমিটেড, সিডিনেট কমিউনিকেশন লিমিটেড, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, টোটাল সলিউসন্স লিমিটেড ও মেটাকোর সাবকম লিমিটেড আবেদনপত্র জমা দেয়।
