সাবের হোসেন চৌধুরী : তদবিরের মাধ্যমে কাউকে পদ দেয়া হবে না
প্রকাশ: ২২ মে ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এর চেয়েও বেশি গতিতে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলো জেনে সেগুলো সমাধান করতে এগিয়ে আসার আহ্বান জানান সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার রাজধানীর মানিকনগর মডেল হাই স্কুল মাঠে আয়োজিত ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ বি এম শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ইকবালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সহসভাপতি শহীদ সেরনিয়াবাত, সহসভাপতি খন্দকার এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মুগদা থানা আওয়ামী লীগের সভাপতি শামিম আল মামুন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার। অনুষ্ঠানের শুরুতে বেলুন, পায়রা ও পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগ মানুষকে নিয়ে রাজনীতি করে। যদি দেশের মানুষ আওয়ামী লীগের কার্যক্রম পছন্দ না করে, যদি ভোটের মাধ্যমে বলে তারা আওয়ামী লীগকে চায় না, সেটা মেনে নেয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই রাতের অন্ধকারে, ষড়যন্ত্র করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেনি। আওয়ামী লীগ সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। কোনো প্রধান বিচারপতিকে গভীর রাতে মাথায় পিস্তল ঠেকিয়ে ক্ষমতা গ্রহণ করে নাই। সাবের হোসেন চৌধুরী বলেন, যাদের নিয়ে এলাকায় বিতর্ক আছে, মাদক ব্যবসা করে, জমি দখল করে, চাঁদাবাজি করে, এলাকায় সন্ত্রাস করে এমন কাউকে আমাদের দলে দেখতে চাই না। তদবিরের দিন শেষ। তদবিরের মাধ্যমে কাউকে কোনো পদ দেয়া হবে না। ত্যাগী, যোগ্য, সৎ, মানুষের জন্য কাজ করে এবং এলাকায় গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে কমিটি দেয়া হবে। এখানে কোনো বড় ভাইয়ের প্রয়োজন নেই।
