সাবের হোসেন চৌধুরী : ঢাকার ৯ আসনের তিন থানায় বসছে ৪শ সিসি ক্যামেরা
প্রকাশ: ১৬ মে ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : সিসি ক্যামেরার আওতায় আসছে ঢাকা-৯ আসনের তিন থানা। থানাগুলো হলো- মুগদা, সবুজবাগ ও খিলগাঁও। আগামী এক মাসের মধ্যে এই তিন থানায় ৪০০ সিসি ক্যামেরা বসানো হবে।
গতকাল রবিবার বিকালে বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ‘বুদ্ধের ধর্ম-দর্শন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্ব শান্তি’ শীর্ষক আলোচনা সভায় এই তথ্য জানান স্থানীয় সংসদ সদস্য এবং বন পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। উদ্বোধক ছিলেন সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাশ।
