বগুড়ায় এনসিপি নেতা কারাগারে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত
অর্থ আত্মসাতের এক মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়ার সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক আদেশ দিলে তাকে কারাগারে নেওয়া হয় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানিয়েছেন।
মিজানুরকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, তার বিরুদ্ধে বগুড়া সদর থানার একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার এ আসামি পালিয়ে বেড়াচ্ছিলেন।
রুবেল প্রামাণিক নামে একজন গত বছরের ৩০ অগাস্ট মিজানুরের বিরুদ্ধে মামলাটি করেন।
এজাহারে অভিযোগ করা হয়, সেদিন রাতে মিজানুরসহ চার-পাঁচজন মোটরসাইকেলে এসে রুবেলকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার টাকা ও কাছে থাকা আরও ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সেদিনই মামলা করেন রুবেল।
