বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে কোনো শপথই নেবে না জামায়াত: তাহের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ফাইল ছবি
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবেন না।
দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে একথা জানান।
জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি এরই মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
আরো পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।
শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে সাধারণত জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব পালন করেন, কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৭ টি আসনের সংসদ সদস্যরা শপথ নিলেন।
