লন্ডনে প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে। এখন থেকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এ প্রধানমন্ত্রীর।
বুধবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের এ তথ্য জানান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের তাদের প্রাথমিক কার্যকর শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা।
তিনি আরো বলেন, খালেদা জিয়া যথেষ্ট হাসিখুশি রয়েছেন। তার মনোবল অনেক শক্ত। তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। সেই কারণে ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রার পর আর কোনো বিদেশ সফর হয়নি। ওই সময় লন্ডন গেলে তিনি তারেক রহমানের বাসায় ছিলেন।
পরের বছর ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর অসুস্থতা বাড়ে বিএনপি চেয়ারপারসনের। এরপর ২০২০ সালে বিশেষ শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়। এমন পরিস্থিতিতে দল ও পরিবার এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়।
কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। অসুস্থ নেত্রীর বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করেছে বিএনপির নেতাকর্মীরা। তবুও সরকারের অনুমতি মেলেনি। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পাঁচ মাস বাদে সেই পথ সুগম হয়। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সব প্রস্তুতি শেষ হয়।
