কোটা আন্দোলনে নিহত সুমাইয়ার শিশুকে কোলে নিয়ে আদর করলেন জামায়াতের আমির
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
কোটা আন্দোলনে নিহত সুমাইয়ার শিশুকে কোলে নিয়ে আদর করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ড. শফিকুর রহমান। বুধবার (১৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি দোয়েল চত্বর এলাকায় কোটা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ সুমাইয়ার পরিবারকে সমবেদনা জানাতে যান তিনি।
এসময় শিশুটি বড় হওয়া পর্যন্ত তার লেখাপড়াসহ যাবতীয় সব দায়িত্ব নেয়ার কথাও জানান ড. শফিকুর রহমান। এছাড়া পাড়া মহল্লায় এখনও কেউ লুটপাট ও চাঁদাবাজি করতে এলে তাদেরকে ছাড় না দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির।
ড. শফিকুর রহমান বলেন, দেশে আবারো কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। তিনি বলেন, এখনো দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় নাই। তাই কেউ বাড়াবাড়ি করবেন না। কেউ কোন ধরনের বাড়াবাড়ি যেন করতে না পারে, চাঁদাবাজি লুটতরাজ করতে না পারে- এর জন্য এলাকাবাসীকে বলবো আপনারা সোচ্চার থাকবেন। কাউকে ছাড় দেবেন না।
জামায়াতের আমির আরো বলেন, আমরা এখানে এসেছি শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো কথা ফোটেনি। এই শিশুটি যখন কথা বলতে শিখবে তখন তার মা ডাকার মতো কেউ থাকবে না। এই শিশুর মতো আরও যারা মা, বাবা এবং সন্তান হারিয়েছেন আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, সেই দোয়া করছি।’
উল্লেখ্য, গত ২১ জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। এসময় মিজমিজি পাইনাদি দোয়েল চত্বর এলাকায় গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে একটি ভবনের চার তলার ফ্ল্যাটের বাসিন্দা সুমাইয়া বারান্দায় এসে দাঁড়ালে মাথায় গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই মারা যান দুই মাস বয়সের শিশু সন্তানের মা সুমাইয়া।
