সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল
খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৩:০৩ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
হৃদপিন্ডে ‘পেসমেকার’ বসার পরে খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে একথা জানান।
তিনি বলেন, সকাল পর্যন্ত আমি যতটুকু জানি, সোমবার তাকে কেবিনে শিফট করা হয়েছে… তা করার কথা না। তিনি সিসিইউতে ব্যক্তিগতভাবে কিছুটা এডজাস্ট করতে পারেন না যে কারণে সিসিইউর ফ্যাসিলিটিজগুলো কেবিনে নিয়ে তাকে শিফট করা হয়েছে। সেখানে তিনি এখন পর্যন্ত স্ট্যাবেল আছেন।
গত রবিবার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার হৃদপিন্ডে ‘পেসমেকার’ বসানো হয়। খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিলো। হার্টে তিনটি ব্লক থাকায় আগে একটা রিং পরানো হয়েছিলো। পরে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
‘খালেদা জিয়ার ওপরে নির্মমতা’
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। সেই কারণেই তাকে একেবার মিথ্যা মামলায় সাজা দিয়ে, তার এতে কোনো সম্পৃক্ততা নেই; তাকে সাজা দিয়ে এবং পরবর্তীকালে হাইকোর্টে আরো বেশি সাজার মেয়াদ বাড়িয়ে তাকে নির্যাতন করা হচ্ছে। আপনারা জানেন, দুই বছর একটা পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। বার বার চেষ্টা করার পরেও সেখানে ভালো চিকিৎসক পাঠানো হয়নি। বহু চেষ্টার পর যখন তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হলো সেখানেও তিনি সুষ্ঠু চিকিৎসা পাননি।
আরো পড়ুন: বিএনপির চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠন
এরপর যখন তাকে বাসায় (গুলশানের ফিরোজা) নিয়ে আসা হলো সেটাও আবার শর্ত সাপেক্ষে যে, তিনি দেশের বাইরে যেতে পারবেন না, দেশেই চিকিৎসা নিতে হবে। তখনই তার ধরা পড়লো লিভার সিরোসিস…. এটা ছোটখাটো রোগ নয়, সিরোসিস… ইটস এ মেজর ডিজিজ। তখন ডাক্তাররা আমাদেরকে বলেছিলেন যে, লিভার ট্রান্সপারেন্টেশন ছাড়া তার কোনো পথ নেই। এটা বাংলাদেশে সম্ভব নয়।
তিনি বলেন, আপনারা জানেন, আমরা কম চেষ্টা করিনি। সরকারের এখানে কোনো কৃতিত্ব নাই। আমরা এখন পর্যন্ত যেটুকু করেছি সেটুকু হচ্ছে তার পরিবার এবং দলের চেষ্টাতেই সেটা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের জন হোপকিংস বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারদের নিয়ে এসেছি। তারা যে প্রসিজিউর করেছেন সেই প্রসিজিউরে তিনি এখন পর্যন্ত টিকে আছেন।
তিনি বলেন, এটা কোনো সমাধান নয়। একমাত্র সমাধান হচ্ছে তার লিভার ট্রান্সপারেন্ট করা। তার যে অনেকগুলো অসুখ আছে সেই অসুখের জন্য তাকে এমন চিকিৎসা সেন্টারে পাঠাতে হবে সেখানে তার সঠিক চিকিৎসা করতে হবে অন্যান্য অসুখগুলো কনট্রোল করে….এটাই আমরা বার বার করে বলছি।
‘প্রধানমন্ত্রীর কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত’
মির্জা ফখরুল বলেন, অভিজ্ঞতা থেকে বলছি, তাকে (খালেদা জিয়া) বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিলো প্রায় তার পরিবারেরা আবেদন করে। ফাইনালি যখন এটা (আবেদন) প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটা রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোর কাছেও চিঠি দিয়েছিলাম। তারা চেষ্টা করেছেন, তারা বার বার চেষ্টা করেছেন, ফেরত এসেছেন। তারা বলেছেন যে, সরি ভাই, উনি শুনলেন না 'সি ইজ ভেরি ভিনডেক্টিভ' এই উচ্চারণটা করেছেন।
আরো পড়ুন: সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া
এর উদ্দেশ্যটা কি প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, উদ্দেশ্যটা হচ্ছে, রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে রাখা। দেখেন ২০১৮ সালের নির্বাচনের ঠিক আগে আগে তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হলো এবং তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। এই যে বিষয়টা…. তারপর থেকে তিনি যাতে কোনো মতেই মুক্তি না পায় তা চলছে এখন পর্যন্ত।
খালেদার মুক্তির দাবিতে কর্মসূচি হবে
গত সোমবার (২৪ জুন) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে।
দলের স্থায়ী কমিটির সভায় অনতিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় একই সঙ্গে তার মুক্তির আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহীত হয়।
