পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। রাতভর পরিচালিত এ অভিযানে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন এলাকায় সংঘটিত আত্মঘাতী হামলার জবাব হিসেবে আফগানিস্তানভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এ বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
আরো পড়ুন : মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে চিহ্নিত ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। আহতের সংখ্যাও কয়েক ডজন বলে উল্লেখ করা হয়েছে। তবে চূড়ান্ত হিসাব এখনও প্রকাশ করা হয়নি।
পাকিস্তানের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে, অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট সাতটি আস্তানা ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে নানগরহারের নিউ সেন্টার নম্বর–১ ও নম্বর–২, ইসলাম সেন্টার ও ইব্রাহিম সেন্টার, খোস্তের মোলভি আব্বাস সেন্টার, এবং পাকতিকার মোল্লা রাহবার সেন্টার ও মুখলিস ইয়ার সেন্টার।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সংক্রান্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
