×

মতামত

মুজিবনগর: স্বাধীনতার বৈধতা, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনের ভিত্তি

Icon

রাসেল আহমদ

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম

মুজিবনগর: স্বাধীনতার বৈধতা, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনের ভিত্তি

মুজিবনগর: স্বাধীনতার বৈধতা, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনের ভিত্তি

বাঙালির ইতিহাসে কিছু স্থান কেবল ভৌগোলিক নয়, প্রতীকীও। পলাশী ও বৈদ্যনাথতলা তেমনই দুটি নাম- একটি পরাজয়ের, অন্যটি পুনর্জাগরণের। পলাশীর আম্রকুঞ্জে ১৭৫৭ সালে বাঙালি হারিয়েছিল তার রাজনৈতিক স্বাধীনতা; আর প্রায় দুই শতাব্দী পর বৈদ্যনাথতলার আম্রকুঞ্জেই ১৯৭১ সালে সেই স্বাধীনতা পুনরুদ্ধারের অঙ্গীকারকে সাংবিধানিক রূপ দেওয়া হয়। এই প্রতীকী ধারাবাহিকতার মধ্যেই নিহিত আছে মুজিবনগরের ঐতিহাসিক তাৎপর্য- এটি কেবল একটি শপথগ্রহণ অনুষ্ঠান নয়, বরং একটি রাষ্ট্রের জন্মলগ্নে তার বৈধতা, নেতৃত্ব ও কৌশলগত ভিত্তি নির্মাণের মুহূর্ত।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক জান্তার বর্বরোচিত ‘অপারেশন সার্চলাইট’ শুরু হলে পূর্ব বাংলার রাজনৈতিক বাস্তবতা এক নিমিষে পাল্টে যায়। সেই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন- যা ছিল বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত রূপ। এই ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার নৈতিক ও রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠিত হলেও, একটি কার্যকর রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন ছিল সুসংগঠিত সরকার, প্রশাসনিক কাঠামো এবং আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতা।

এই বাস্তবতা থেকেই ১০ এপ্রিল ১৯৭১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আনুষ্ঠানিক ঘোষণাপত্র জারি করা হয়, যা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে সাংবিধানিক বৈধতা দেয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকুঞ্জে শপথ নেয় বাংলাদেশের অস্থায়ী সরকার- যা পরবর্তীতে ‘মুজিবনগর সরকার’ নামে ইতিহাসে স্থান পায়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধকালীন সরকার পরিচালনার দায়িত্ব নেন।

মুজিবনগর সরকার প্রতিষ্ঠা ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি ছিল মুক্তিযুদ্ধকে সংগঠিত, নিয়ন্ত্রিত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার একটি অপরিহার্য পদক্ষেপ। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়- কোনো স্বাধীনতা সংগ্রাম সফল হতে হলে অন্তত তিনটি শর্ত পূরণ অপরিহার্য: প্রথমত, জনগণের সুস্পষ্ট ও ব্যাপক সমর্থন; দ্বিতীয়ত, নিরাপদ ঘাঁটি ও আশ্রয়স্থল; এবং তৃতীয়ত, অস্ত্র ও রসদের নিরবচ্ছিন্ন সরবরাহ। বাংলাদেশের ক্ষেত্রে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় প্রথম শর্ত পূরণ করেছিল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় শর্ত পূরণে প্রয়োজন ছিল একটি সুসংগঠিত কূটনৈতিক উদ্যোগ এবং প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা।

এই প্রেক্ষাপটে তাজউদ্দীন আহমদের ভূমিকা ছিল অনন্য। ৩০ মার্চ তিনি ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে পৌঁছে দ্রুত দিল্লির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ৪ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বৈঠক মুক্তিযুদ্ধের গতিপথ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। এই বৈঠকে তাজউদ্দীন আহমদ শুধু সামরিক সহায়তা নয়, একটি বৈধ সরকারের অধীনে যুদ্ধ পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ভারতের পক্ষ থেকেও স্পষ্ট করে জানানো হয়- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কার্যকরভাবে সমর্থন করতে হলে একটি প্রতিনিধিত্বশীল ও গ্রহণযোগ্য সরকার থাকা জরুরি।

উল্লেখযোগ্য যে, ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠকের আগেই ভারত সরকার বাংলাদেশের পক্ষে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। ৩১ মার্চ ভারতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়, যেখানে পাকিস্তানি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং বাংলাদেশের জনগণের সংগ্রামের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়। একই সঙ্গে ভারতের সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় নিতে পারে এবং প্রবাসী বাংলাদেশ সরকার তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এই সিদ্ধান্তগুলো শুধু মানবিক সহায়তা নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করেছিল- বাংলাদেশের সংগ্রাম আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে।

মুজিবনগর সরকারের প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিকভাবে বৈধতা প্রদান। ১৯৭১ সালের বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতা ছিল স্নায়ুযুদ্ধের টানাপোড়েনে বিভক্ত। যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়, যেখানে নিক্সন-কিসিঞ্জার প্রশাসন পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আগ্রহী ছিল। এই পরিস্থিতিতে যদি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি সুসংগঠিত সরকারের অধীনে পরিচালিত না হতো, তবে একে সহজেই 'বিচ্ছিন্নতাবাদী আন্দোলন' হিসেবে আখ্যায়িত করা যেত। মুজিবনগর সরকার সেই ঝুঁকি দূর করে এবং বিশ্ববাসীর কাছে প্রমাণ করে যে এটি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বের অধীনে পরিচালিত স্বাধীনতা সংগ্রাম।

দ্বিতীয়ত, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে একটি কার্যকর কেন্দ্রীয় নেতৃত্বের আওতায় আনে। ২৫ মার্চের পর সারা দেশে যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে ওঠে, তা ছিল সাহসী কিন্তু বিচ্ছিন্ন। বিভিন্ন অঞ্চলে স্থানীয় নেতৃত্বের অধীনে প্রতিরোধ চললেও তা সমন্বিত ছিল না। এই পরিস্থিতিতে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে একটি একক কমান্ড কাঠামো তৈরি করা হয়। দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা, সেক্টর কমান্ডার নিয়োগ এবং সামরিক কৌশল নির্ধারণ- এসবই ছিল এই সরকারের পরিকল্পিত পদক্ষেপ।

তৃতীয়ত, এই সরকার মুক্তিযুদ্ধের কৌশলগত রূপরেখা নির্ধারণ করে। 'প্রথমে আত্মরক্ষা, তারপর প্রস্তুতি, এবং শেষে আঘাত'- এই কৌশলগত ধারণার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা হয়। ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট এবং সাধারণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি সুসংহত যুদ্ধ কাঠামো গড়ে তোলা হয়। এর ফলে মুক্তিযুদ্ধ শুধু আবেগনির্ভর প্রতিরোধে সীমাবদ্ধ থাকেনি; বরং তা একটি পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হয়।

মুজিবনগর সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল জনযুদ্ধকে সঠিক পথে পরিচালিত করা। যদি এই সরকার গঠিত না হতো, তবে সারা দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধ আন্দোলন সহজেই নিয়ন্ত্রণহীন গেরিলা যুদ্ধে রূপ নিতে পারত, যা আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত। একটি কেন্দ্রীয় সরকার থাকায় মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত জাতীয় সংগ্রাম হিসেবে প্রতিষ্ঠা পায়।

মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি মুজিবনগরকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার সঙ্গে তুলনা করেছিলেন- যেখানে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। এই তুলনা তাৎপর্যপূর্ণ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে মুজিবনগরের গুরুত্ব আরও গভীর। কারণ এটি শুধু একটি ঘোষণার স্থান নয়, বরং একটি চলমান যুদ্ধের মধ্যে একটি কার্যকর রাষ্ট্রযন্ত্র গড়ে তোলার বিরল উদাহরণ।

আজকের বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি নির্মিত হয়েছে সেই মুজিবনগরের সিদ্ধান্তগুলোর ওপর দাঁড়িয়ে। সেই সময়ের নেতাদের দূরদর্শিতা, কৌশলগত প্রজ্ঞা এবং দৃঢ় নেতৃত্ব না থাকলে মুক্তিযুদ্ধের সাফল্য অনিশ্চিত হয়ে পড়ত। তাই মুজিবনগর দিবস কেবল একটি স্মৃতিচারণের দিন নয়; এটি আমাদের রাষ্ট্রচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের প্রতীক।

বর্তমান প্রজন্মের জন্য মুজিবনগরের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। এটি আমাদের মনে করিয়ে দেয়- সংকটের সময়ে আবেগ নয়, প্রয়োজন সুসংগঠিত নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং আন্তর্জাতিক বাস্তবতার সঠিক উপলব্ধি। স্বাধীনতা অর্জনের মতোই তা রক্ষা করাও একটি চলমান প্রক্রিয়া, যেখানে ঐক্য, প্রজ্ঞা এবং দায়িত্ববোধ অপরিহার্য।

অতএব, মুজিবনগর শুধু অতীতের একটি অধ্যায় নয়; এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনা। যে জাতি তার ইতিহাস থেকে শিক্ষা নেয়, সেই জাতিই টেকসই অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে। মুজিবনগর সেই শিক্ষারই এক উজ্জ্বল দৃষ্টান্ত- যেখানে একটি জাতি তার অস্তিত্বের সংকট থেকে উঠে দাঁড়িয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

দিনে আট ঘণ্টার বেশি কাজ কি মৃত্যুঝুঁকি বাড়ায়?

দিনে আট ঘণ্টার বেশি কাজ কি মৃত্যুঝুঁকি বাড়ায়?

লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ইইউ–যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

ইইউ–যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App