ঢাকার দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতেই ডেঙ্গু মশার লার্ভা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:২১ পিএম
ছবি : ফাইল ফটো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৬০ শতাংশ বাড়িতেই ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম।
শুক্রবার (৫ জুন) সকালে রাজধানী ওয়ারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই তথ্য জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। তাই বাড়ির উঠান, ছাদ, ফুলের টপে যাতে পানি না জমে সেদিকে সবাইকে সচেতন হতে হবে। তা না হলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এইসব বিষয়ে অনেক সচেতন। শুধু তাই নয়, খেলার মাঠ থেকে শুরু করে সার্বিক বিষয়ে দেখভাল করছেন তিনি।’
আসছে সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশার কথা উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ‘জনগণ সমর্থনে যদি মেয়র নির্বাচিত হই তাহলে নগরের শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনা হবে।’
