×

জাতীয়

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:০৯ পিএম

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

ছবি : সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন ৩টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ১টি প্রকল্পের।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্পের প্রথম সংশোধনী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। আধুনিক সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলাই এর মূল লক্ষ্য। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ৩৫ লাখ টাকা।

এ ছাড়া গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীও অনুমোদন পেয়েছে। ২০২১ সালের মে থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলমান এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬২০ কোটি ৩০ লাখ টাকা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদিত হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ব্যয় ৪৩৩ কোটি ৯৮ লাখ টাকা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস নির্মাণ এবং পুনর্নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আবাসন ও সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৯৩ কোটি ৪৭ লাখ টাকা।

বিদ্যুৎ বিভাগের আওতায় ঘোড়াশাল থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীও অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির ব্যয় ৭৫৭ কোটি ৯৫ লাখ টাকা।

চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুযায়ী পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। যানজট নিরসন ও উপকূলীয় যোগাযোগ জোরদারে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩২৪ কোটি ১৫ লাখ টাকা।

নতুন প্রকল্প হিসেবে সাভার সেনানিবাসে চারটি এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে সেনা সদস্যদের আবাসন সুবিধা বাড়ানো হবে। এর ব্যয় ৩৮৫ কোটি ১৩ লাখ টাকা।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ও অনুমোদন পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের লক্ষ্য পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণ। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোকে ৩০ শয্যায় উন্নীতকরণ ও পুনর্নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত চলমান এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩২৯ কোটি ৫৩ লাখ টাকা।

সভায় পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এগুলো হলো, ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো

তথ্যমন্ত্রী একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App