আবাসিক হোটেলের বাথরুম থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর গ্রিন রোডের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলাবাগান থানা এলাকাধীন হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বাড়ি ময়মনসিংহের ঈশরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে। তার বাবার নাম নুর নবী আর মায়ের নাম শামীমা আক্তার।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই তরুণী গত ১৯ এপ্রিল রাতে রুপসা হোটেলের ৪১৮ নম্বর রুমে ভাড়া উঠেছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, পরীক্ষা দিতে তিনি গ্রাম থেকে ঢাকায় এসেছেন।
তবে হোটেল থেকে বের হতেন না তিনি। সবসময় দরজা-জানালা আটকে রাখতেন। বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনো সাড়াশব্দ পান না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন।
ফজলে আশিক জানান, হোটেল রুমটি থেকে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিবার গ্রামে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
