জ্বালানি মন্ত্রী
জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
ছবি : সংগৃহীত
দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, কিছু অসাধু চক্র কৃত্রিমভাবে লাইনের সৃষ্টি করে সংকটের ধারণা তৈরি করছে এবং এর মাধ্যমে একটি অনানুষ্ঠানিক বাজার গড়ে তুলছে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। খবর বাসসের
মন্ত্রী সংসদকে জানান, বর্তমানে দেশে জ্বালানির মজুত সন্তোষজনক। ডিজেল, অকটেন ও পেট্রোলসহ সব ধরনের জ্বালানি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। মেরিন ফুয়েল ও জেট ফুয়েলের সরবরাহও স্বাভাবিক রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে জ্বালানি সরবরাহ বেড়েছে।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ডিজেলের সরবরাহ প্রায় ৩৭.৫ শতাংশ এবং পেট্রোল ও অকটেনের সরবরাহ ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় জ্বালানি নিতে দীর্ঘ লাইন দেখা গেলেও তা প্রকৃত সংকটের প্রতিফলন নয়। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করছে এবং অতিরিক্ত মুনাফার লক্ষ্যে পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে।
তিনি জানান, সরকার পুলিশ, র্যাব, বিজিবি ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে অবৈধ মজুত ও কালোবাজারি চিহ্নিত করে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করে বাজারে সরবরাহ করা হয়েছে।
এলপিজি গ্যাসের মূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এই খাতটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে সরকার সরাসরি মূল্য নির্ধারণ করে না; বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে মূল্য নির্ধারিত হয়।
মন্ত্রী সংসদের সব সদস্যকে জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।
সরকার নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি বাস্তব পরিস্থিতি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
