প্রতিমন্ত্রী
এআই ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত
সাভারে যুব উন্নয়ন একাডেমিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ, যুব সমাজের উন্নয়ন’ শীর্ষক কর্মশালা-২০২৬-এর শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার (১৫ এপ্রিল) সাভারের যুব উন্নয়ন একাডেমিতে এ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিল্প-প্রতিটি ক্ষেত্রে এআই নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।
এআই-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করতে পারি,
প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি করতে পারি, এবং কর্মসংস্থানের সাথে দক্ষতার সংযোগ স্থাপন করতে পারি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এআই-নির্ভর প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে এবং আমরা চাই বাংলাদেশও সেই ধারায় এগিয়ে যাক। আমাদেরকে নিশ্চিত করতে হবে, এআই যেন অন্তর্ভুক্তিমূলক হয়। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী যেন এর সুবিধা থেকে বঞ্চিত না হয়, এবং এআই ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
তিনি আরো বলেন, আজকে যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন, আপনারা তৃণমূল পর্যায়ে এই শিক্ষাগুলো সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এ আই মাধ্যমে অনেক অনৈতিক কাজ সংগঠিত হচ্ছে তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
