ইরান যুদ্ধে ৭ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত
ইরান যুদ্ধের ঘটনায় এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেইটে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ গ্রহণের সময় এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ শুরুর পর থেকে সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আজ আমরা শাহ আলমের মরদেহ দেশে গ্রহণ করেছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের জন্য শক্তি প্রার্থনা করি।
নিহত সাতজনের মধ্যে এটি পঞ্চম মরদেহ। একজনকে ঘটনাস্থলেই দাফন করা হয়েছে, আরেকজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া এখনও চলমান। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাশাপাশি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
আরো পড়ুন : লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৫৪
শাহ আলম ভূঁইয়া বৈধ কর্মী ছিলেন। তাই তার পরিবারকে সরকার থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে ইনস্যুরেন্স না থাকায় ১০ লাখ টাকার অতিরিক্ত সুবিধা দেওয়া সম্ভব নয়। সহায়তা জাতিসংঘের সার্টিফিকেশন প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
এছাড়া তাৎক্ষণিক সহায়তা হিসেবে মরদেহ পরিবহন ও দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং ইরান সংকটজনিত বিশেষ অনুদান হিসেবে ৫০০ ডলার সমমূল্যের অর্থ ইতোমধ্যে পরিবারের হাতে প্রদান করা হয়েছে।
