পশ্চিমবঙ্গ হয়ে ঢুকছে কালবৈশাখী, তাণ্ডবের শঙ্কা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
ফাইল ছবি
দেশে সক্রিয় আছে বৃষ্টিবলয় গর্জন। এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে আগামী ২৪ ঘণ্টা। এরপর এটি দুর্বল হতে পারে। এরমধ্যে রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল-বিডব্লিউওটি।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে দেয়া পৃথক ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছে বিডব্লিউওটি।
বার্তায় বলা হয়, দেশের আকাশে থাকা বৃষ্টিবলয় গর্জন আগামী ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ইতোমধ্যেই দেশের অধিকাংশস্থানে এর প্রভাবে বজ্রবৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৮টার পর থেকে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে আবারও দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি।
এদিকে ভারতের ঝাড়খণ্ডের ওপর তৈরি বজ্রমেঘ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রকাণ্ড কালবৈশাখী ঝড়ে পরিণত হতে পারে। এটি রাতের দিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে। এর প্রভাবে আগামী ১২-২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।
এ অবস্থায় রাত্রিকালীন নৌপথে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। এছাড়া নদীপথের জলযান সমূহকে ঝড়-বৃষ্টির আলামত দেখে নিরাপদে চলাচলেরও পরামর্শ দেয়া হয়েছে।
